শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোদরতপী গ্রামের আমীর আলী ও মতলিব মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন।
মতলিব মিয়ার পক্ষের আহতরা হলেন—মতলিব মিয়া (৫৫), হোসাইন আহমদ (২০), আরিয়ান আহমদ (১৪) ও গয়াছ মিয়া (৫৫)। অপরদিকে আমীর আলীর পক্ষের আহতরা হলেন—আমীর আলী (৩৮), আল আমিন (২৬), রাহীম আহমদ (১৫), নূর আহমেদ (২৬) ও সামির আহমদ (৩২)। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে একই গোষ্ঠীর লোক আমীর আলী ও মতলিব মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনায় রাতে স্থানীয় একাধিক ব্যক্তি মধ্যস্থতা করে উভয় পক্ষকে সালিশ মানার আহ্বান জানান। উভয় পক্ষই সালিশ মানতে রাজি হন। তবে সালিশ বৈঠক কোন দিন হবে, তা জানাতে সময় চান তারা।
পরদিন বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সালিশের তারিখ জানানোর কথা থাকলেও এর আগেই দুপুরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, মারামারির বিষয়টি আমি শুনেছি। তবে কোনো পক্ষই এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।