কুরিয়ার সার্ভিসে পাঠানোর প্রস্তুতি চলছিল। তার আগেই পুলিশের অভিযানে ধরা পড়ল এক লাখ শলাকা অবৈধ সিগারেট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুলাল পাল (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কের এসএ পরিবহনের সামনে অভিযান চালায় শ্রীমঙ্গল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুলাল পালকে আটক করা হয়।

পুলিশ জানায়, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যত্র পাঠানোর জন্য এসব সিগারেট সেখানে মজুত করে রাখা হয়েছিল।

অভিযানে ৮ কার্টুন STAR, ১ কার্টুন LINK এবং ১ কার্টুন Five Filter Kings সিগারেট জব্দ করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুলাল পালকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।