ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো আব্দুল্লাহ ওরফে আরজান (২২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের সরকারি ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কলেজ মোড় সংলগ্ন রাস্তার পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে থানা পুলিশ, পিবিআই ও ডিবি যৌথভাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।