মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯০ কেজি ভারতীয় রসুনসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ভোরে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আব্দুল মুহিতের বাড়ি থেকে ৯০ কেজি ভারতীয় রসুন উদ্ধার করা হয়। একই সঙ্গে রসুন পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এ ঘটনায় আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে রসুন আনার কথা স্বীকার করেছেন।

তিনি জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা করা হয়েছে।