হবিগঞ্জের লাখাইয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও বিক্রির প্রমাণ দাখিল করতে না পারায় দুই খুচরা সার বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বামৈ বাজারের খুচরা সার বিক্রেতা নুরুজ আলী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রি করছিলেন। সরেজমিনে পরিদর্শনকালে উপজেলা कृषि অফিসার ও কৃষিবিদ শাহাদুল ইসলাম এই অনিয়ম দেখতে পান।

এ সময় নুরুজ আলীকে ২০০ বস্তা ডিএপি সার বিক্রির সঠিক প্রমাণ দাখিল করতে বলা হলে তিনি তা করতে ব্যর্থ হন।
পরে এই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অপরদিকে, উপজেলার কালাউক বাজারের ‘মেসার্স রাসেল এন্ড ব্রাদার্স’-এর বিরুদ্ধে কৃষকদের অভিযোগ ছিল, নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকার ডিএপি সারের বিপরীতে তারা কৃষকদের কাছে ৪শত ৫০ টাকা বেশি অর্থাৎ ১৫শত টাকা দাবি করছে।

কৃষকদের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মেসার্স রাসেল এন্ড ব্রাদার্সকে হাতেনাতে ধরে ৫ হাজার টাকা জরিমানা করে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে সারের বাজারে এই অভিযান চালানো হয় এবং অনিয়মের সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়েছে, সার বিক্রিতে যেকোনো ধরণের অনিয়ম রোধে এ ধরণের তদারকি অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম এবং লাখাই থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।