মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই নারী গৃহপরিচারিকার কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ী রোড এলাকায় পৌঁছালে আসামিরা একটি অটোরিকশায় করে সেখানে যান। অভিযোগ রয়েছে, তারা ওই নারীকে জোর করে অটোরিকশায় তুলে ইছবপুর এলাকায় নিয়ে যান এবং সেখানে একটি ভাড়া বাসায় আটকে রাখেন।

এজাহারে আরও বলা হয়েছে, ওই রাতে সেখানে আসামিরা ওই নারীকে ধর্ষণ করেন। পরদিন সকালে তাঁকে অটোরিকশায় করে শ্রীমঙ্গল রেলস্টেশনে রেখে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে সেখানে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক তদন্তের পর বুধবার তিন আসামিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার সাদেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুরের তাউল মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিচি এলাকার মমিনুল ইসলামের ছেলে আল আমিন ইসলাম (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জুয়েল মিয়া ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।