সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে উপজেলা জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের আমেজ।
শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ৬৭টি পূজামণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিমা তৈরি, আলোকসজ্জা ও প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও মণ্ডপ সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৬৭টি পূজামণ্ডপের মধ্যে ১০টিকে অতিগুরুত্বপূর্ণ, ৯টিকে গুরুত্বপূর্ণ এবং অবশিষ্ট মণ্ডপগুলোকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি মোট ৪২২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, আবহমান বাংলার ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে প্রতিবারের মতো এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে তারা আশাবাদী।
এদিকে লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বিধান সূত্রধর,সদস্য সচিব জনক চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, সদস্য সচিব রনজিত চন্দ্র দেব।
সভায় বক্তারা বলেন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সংসলিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সতর্কতা অবলম্বনের আহবান জানান সেই সাথে কোন প্রকার গুজব যাতে ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রেখে যে কোন ঘটনার সত্যতা নিশ্চিত করে তা প্রকাশ করার আহবান রাখেন।
দূর্গোতসবকে সামনে রেখে মাদকের বিষয়ে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও যেন সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখে শারদীয় দূর্গা পূজা উদযাপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন।