সিলেটে অবৈধ টিলা কাটা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন চাতল এলাকায় শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানি দেব। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জিরো টলারেন্স নীতিতে এ সকল অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে এয়ারপোর্ট থানার এ.এস.আই এনামুল হক এবং পরিবেশ অধিদপ্তরের, সিলেট এর পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়া সহ সংশ্লিষ্ট ফোর্স উপস্থিত ছিলেন।
অবৈধ টিলা কাটা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ বিধায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেয়া হয়েছে।
স্থানীয় জনসাধারণকে টিলা না কাটা এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।
