সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার বালিদারা এলাকায় অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৩৫ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ এবং ৩৭ হাজার ৭৪৫টি জিলেট গার্ড রেজার জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত কসমেটিকসের সিজারমূল্য ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বালিদারা এলাকায় এ অভিযান চালানো হয়।
জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।