সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের পাতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. মজিদের ছেলে মো. সোহাগ (২০) এবং আব্দুর রশিদের ছেলে মো. আলাল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীনের (পিপিএম) দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. নবী হোসেন মিয়া ও এএসআই (নিরস্ত্র) মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২ নং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা রাস্তায় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করা হয়। তল্লাশিকালে সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় এসআই মো. নবী হোসেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মধ্যনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ৩ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং এলাকার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।