সিলেট :
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পৃথক দুই দিনের অভিযানে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
এদিন অভিযানে ৬২ পিস ইয়াবা, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৩০ ক্যারেট ভারতীয় টমেটো, ১২টি ভারতীয় কম্বল এবং ১৯৫ প্যাকেট ভারতীয় মেন্টস রোল উদ্ধার করা হয়।
২৩ অক্টোবর ট্রাফিক বিভাগের অভিযানে মোট ৬৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৩১টি যানবাহন আটক করা হয়।
অন্যদিকে, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৫৭ জনকে গ্রেপ্তার করে এসএমপি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।
এদিন ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৬১টি যানবাহন আটক করা হয়।
এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ সিলেট গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।