সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় এ উপলক্ষে মধ্যনগর উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সাইফুল। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ সাইদুর রহমান জিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন মধ্যনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইদুর রহমান সেফুল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুর রহমান শিপলু, যুবদলের ওয়ার্ড কমিটির সভাপতি মোহাম্মদ জিলানী তালুকদার, যুবদল নেতা ছাদেক মিয়া এবং যুবদল নেতা মো. শরীফ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আপসহীনভাবে ন্যায়ের পক্ষে লড়াই করে আসছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ সংগঠনের ভূমিকা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা ও সার্থকতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।