​ লাখাইয়ে রেজিস্ট্রার খাতায় বিক্রির তথ্যের গরমিল এবং অবৈধভাবে সার পাচারের অপরাধে স্বপন কুমার দেব নামের এক সার ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মোড়াকরি বাজারের মেসার্স স্বপন কুমার দেবের ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান।

শনিবার বিকেলে মোড়াকরি বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, ডিলারের বিক্রয় রেজিস্ট্রার খাতার সঙ্গে বাস্তব তথ্যের ব্যাপক গরমিল রয়েছে।

এছাড়া অবৈধভাবে সার পাচারের সত্যতা পাওয়ায় কৃষি পণ্য বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ড) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য।
​উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং সার ডিলারদের যেকোনো ধরনের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।