লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহমিদ মোল্লা (৬) নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে লাখাইর পশ্চিম রুহিতনসী (মাইজহাটী) গ্রামে এই ঘটনাটি ঘটে। তাহমিদ মোল্লা ওই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে শিশু তাহমিদের বাবা জুনায়েদ মোল্লা তাকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন।
এরপর তিনি সাংসারিক কাজে বাইরে চলে যান। এর প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান।
তাৎক্ষণিক তিনি শিশুটির পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে পানি থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।