ফেসবুক পোস্টে যুবকের কমেন্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা গেছে। পোস্টের পর পর যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মোঙলার গাঁওয়ের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসের একটি কমেন্টকে ঘিরে এ উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা বিক্ষোভ করে অভিযুক্ত আকাশের বাড়ির দিকে অগ্রসর হয় ও ভাঙচুর করে।

স্থানীয়দের অভিযোগ, ওই যুবক ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মন্তব্য করেছেন। এ নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ফেসবুকে কমেন্টের পর উত্তেজনা দেখা দেওয়ায় যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ভাঙচুর হয়েছে কিনা, জানি না। পুলিশের সঙ্গে সেনাসদস্যরাও আছেন।