জৈন্তাপুর প্রতিনিধিঃ- সিলেটের জৈন্তাপুরে কিশোরকন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি’ পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জৈন্তাপুর উপজেলার ২ টি কেন্দ্র জৈন্তিয়া কলেজ বিশ্ববিদ্যালয় এবং দরবস্ত জামেয়া ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্রে এক যোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর জৈন্তাপুর উপজেলায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি স্কুল পর্যায়ের ৭শ’ ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আয়োজন আরো বেশি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে। অন্যান্য বছরের তুলনায় এবারের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মেধা বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান সিকদার, জৈন্তিয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সামছ উদ্দিন, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার অর্থ-সম্পাদক জামিল আহমদ।

কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এনামুল হক এবং আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম আহমদ, ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ ও দক্ষিণের মহসিন আলম প্রমূখ।