বলিউডের জনপ্রিয় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই তারকা দম্পতির একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। ঐশ্বরিয়ার সঙ্গে সবসময় দেখা পাওয়া যায় আরাধ্যর। তাকে নিয়ে নেট-দুনিয়ায় কম আলোচনা নেই। এবার আদালতে গিয়ে নতুন আলোচনায় আরাধ্য।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, স্টারকিডদের নিয়ে আলোচনা থাকেই। তাই স্বাভাবিকভাবেই ছোট থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য লাইমলাইটে থাকেন। বয়স মাত্র ১৩, আর এখন থেকেই তাকে নিয়ে ভক্তদের জানার আগ্রহ। তাই সারাক্ষণ চর্চায় থাকেন অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে। তার স্বভাবের কারণে প্রিয় স্টার কিড হয়ে উঠেছেন। তবে জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু নেতিবাচক বিষয়ও।
তারকা সন্তানদের নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। আরাধ্যকে নিয়ে এমন অনেক গুজব ছড়ানো হয়েছে আগেও। বর্তমান সময়েও তাকে নিয়ে অনেক গুজব রয়েছে। আরাধ্যকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ভুল, বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বচ্চন পরিবার।
অভিযোগ করা হয় আরাধ্য বচ্চনের স্বাস্থ্যসংক্রান্ত নানা বিভ্রান্তিকর খবর রয়েছে নেট দুনিয়ায়। একাধিক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ঘুরছে তার অসুস্থতা ও মৃত্যুর খবর। এতে বেশ বিরক্ত বচ্চন পরিবার। এসব ভিডিও মুছে ফেলতে আদালতকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছে। আরাধ্যর আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে গুগলসহ একাধিক সার্চ ইঞ্জিনকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি আদালত। আরাধ্যসংক্রান্ত যাবতীয় বিভ্রান্তিকর তথ্য অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। আর এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ মার্চ।
বছর দুয়েক আগেও একবার এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-ঐশ্বরিয়া। সে সময়ে গুগলসহ একাধিক ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও অন্যান্য কিছু প্ল্যাটফর্মকে আরাধ্য সম্পর্কিত সব মিথ্যা তথ্য এবং ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। গুগলের কাছে নির্দেশ পাঠানো হয়েছিল, যারা এর নেপথ্যে আছে, তাদের নাম প্রকাশ করতে হবে। তবে আদালতকে জানানো হয়েছে, অনলাইনে এখনো কিছু বিভ্রান্তিকর তথ্য রয়ে গেছে।