সিলেটের জৈন্তাপুর উপজেলার ব্যস্ততম হরিপুর বাজারে যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ওয়ান বাই রোড নির্মাণ করা হয়েছে। তামাবিল মহাসড়কের ওপর চালু করা এই বিশেষ ব্যবস্থা স্থানীয় বাজার কমিটির সমন্বয়ে বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় বাজার কমিটির সাবেক সাংগঠনিক সদস্য আব্দুল মুতলিবসহ সংশ্লিষ্টরা প্রথম সিলেট পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে যানজট হরিপুর বাজারের অন্যতম সমস্যা হয়ে উঠেছিল।

প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং এবং এলোমেলোভাবে রাখা যানবাহনের কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। পাশাপাশি, হকার ব্যবসায়ীরা কিছুটা এ সমস্যার কারণ,বাজারে আসা ক্রেতারা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।

এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী কার্যকর উদ্যোগ নেয় এবং বাজার কমিটির সহযোগিতায় মহাসড়কের ওপর নিয়ন্ত্রিত চলাচলের জন্য ওয়ান বাই রোড ব্যবস্থা চালু করে।

স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এটি বাজারের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি মহাসড়কের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা যানজটমুক্ত পরিবেশে চলাচল করতে পারছেন, যা বাজার এলাকার সামগ্রিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবে।