সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে অবৈধভাবে গড়ে ওঠা মহিষের হাঁট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।
দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে বসানো হাঁটে ভারত থেকে চোরাইপথে আসা মহিষ ও গরু বিক্রি করা হতো। গত ২৬ মার্চ রাতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মহিষ জব্দ করে ফেরার পথে চোরাকারবারিদের হামলার শিকার হয়। এ ঘটনার পর প্রশাসন চোরাচালান রোধে কঠোর অবস্থান গ্রহণ করে।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ যৌথভাবে হরিপুর বাজারে এই অবৈধ হাঁট উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক।

অভিযানের সময় হরিপুর মাদ্রাসার বিপরীতে বিশাল আয়তনের মহিষের বাজারে নির্মিত শেডঘর ও একটি পাকা ভবন ভেকু মেশিনের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট, সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি, র্যাব-৯, জৈন্তাপুর মডেল থানা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক, র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি), জৈন্তাপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা, ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্যরা।
প্রশাসন জানায়, চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ পশুর হাঁট কোনোভাবেই বসতে দেওয়া হবে না।