আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা। বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে দিনজুড়ে খেলা বিঘ্নিত হলেও স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পিছিয়ে থাকার পর এই ইনিংসে ১১২ রানের লিড পেয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি অপরাজিত রয়েছেন ৬০ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন জাকের আলি, যিনি করেছেন ২১ রান।
এর আগে তৃতীয় দিন সকালে বৃষ্টির বাধায় খেলা নির্ধারিত সময় সকাল ১০টার বদলে শুরু হয় দুপুর ১টায়। আগের দিনের ৫৭ রানে ১ উইকেট থেকে খেলা শুরু করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক মিলে গড়েন ৬০ রানের জুটি। তবে জয় ৩৩ রানে মুজারাবানির শর্ট বলের শিকার হয়ে স্লিপে ধরা পড়লে ভাঙে দ্বিতীয় উইকেটের জুটি।