পৃথিবীর সব আলো একদিন ফুরিয়ে যায়, সব শব্দ একদিন থেমে যায়, কিন্তু একটি ভালোবাসা আছে, যার উৎস শুকায় না, যার আলো নিভে না—সেটি আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসা কোনো এক পাতা ওলটানো কিতাবের কথা নয়, নয় কেবল মসজিদের মিনারে উচ্চারিত কোনো বাণী। বরং এটি একটি জীবন্ত অনুভব, এক রুহানি ছোঁয়া, যা হৃদয়কে বদলে দেয়, আত্মাকে দেয় আশ্রয়।

আল্লাহর ভালোবাসা এমন এক আশ্রয়, যেখানে মানুষ হারিয়ে পায় নিজেকে, যেখানে ক্লান্তি গলে যায় সান্ত্বনায়। এই ভালোবাসা দয়ালু এক রবের পক্ষ থেকে প্রতিটি বান্দার জন্য খোলা একটি দরজা। সেখানে প্রবেশের জন্য নেই কোনো ধন, নেই কোনো উচ্চতা, আছে কেবল একটুখানি নত হওয়া—একটু সিজদাহ, একটুখানি অশ্রু আর গভীর এক আহ্বান: “হে আমার রব, তুমি ব্যতীত আমার কেউ নেই।”

রাত যখন নেমে আসে, পৃথিবী নিঃস্তব্ধ হয়—তখন সেই নিস্তব্ধতা ভেদ করে কোনো এক অন্তর খুঁজে ফেরে রবের সান্নিধ্য। একান্ত সেজদায় ডুবে থাকা সে মানুষ জানে, এই সম্পর্কই তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধন। দুনিয়ার সব বন্ধন ছিন্ন হতে পারে, কিন্তু এই একটিই চিরস্থায়ী। কেননা, আল্লাহর ভালোবাসা কোনো শর্তে বাঁধা নয়, তা নিরন্তর, নিঃস্বার্থ এবং অবিনশ্বর।

যে জীবন আল্লাহর ভালোবাসায় গঠিত হয়, তা হয় আত্মিকভাবে পরিপূর্ণ। তার চোখে ভাসে শুধু হালাল ও হারামের সীমারেখা; তার কাজে থাকে নফসের শুদ্ধতা, কথায় থাকে সৌন্দর্য, আর আচরণে ফুটে ওঠে রাসূল (সা.)-এর আদর্শ। সে জানে, ভালোবাসা মানে কেবল অনুভূতি নয়—ভালোবাসা মানে জীবনকে সেই প্রেমের মতো গড়ে তোলা, যা প্রতিটি ইবাদতে প্রতিফলিত হয়।

এই ভালোবাসা মানুষকে ছোট করে না, বরং আকাশের চেয়ে উচ্চ করে। যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদে, তার চোখের পানি আসমান ছুঁয়ে যায়। তার দুঃখে লুকানো থাকে সৌভাগ্যের বীজ, তার নিঃস্বতাতেই লুকিয়ে থাকে এক অনন্ত ধনভাণ্ডার। সে জানে, রব যার হয়ে যান, তার পেছনে কোনো ক্ষতি দাঁড়াতে পারে না।

আল্লাহর ভালোবাসা পেলে মানুষ আর কিছু চায় না, কারণ তখন তার হৃদয় পূর্ণ হয়ে যায় এমন এক নূরে, যা অদৃশ্য, অথচ স্পর্শযোগ্য। তখন সে মানুষ হয় না শুধু শরীর, হয়ে ওঠে রুহানিয়াতের চলমান প্রকাশ। এমন জীবনই প্রকৃত জীবন—যেখানে ভালোবাসা কেবল অনুভব নয়, বরং ইবাদতের রূপে প্রতিফলিত জীবনের এক অনবদ্য কাব্য।

এই ভালোবাসার দিকে এগিয়ে যাক প্রতিটি হৃদয়। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানেই নিজেকে খুঁজে পাওয়া। সেই ভালোবাসাতেই হোক আমাদের চূড়ান্ত আশ্রয়, চিরন্তন আরাম।

লেখক, শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের, কায়রো,মিশর