
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। আট দলের এই টুর্নামেন্টের দল পাঠানোর শেষ সময় ১২ জানুয়ারি। নির্ধারিত সময়ের আগেই আইসিসিকে ১৫ সদস্যের দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে বুধবার (৮ জানুয়ারি) টাইগারদের স্কোয়াড ঘোষণা হতে পারে।
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের স্কোয়াড জানার জন্য অপেক্ষা করছে ভক্তরা। কারা থাকছেন, কারাই বা বাদ পড়ছেন তা জানার অধীর আগ্রহ ভক্তদের। বেশ জোরালো গুঞ্জন, বাদ পড়তে পারেন একাধিক তারকা ক্রিকেটার। তালিকায় ওপরের দিকে আছেন লিটন কুমার দাস। ছন্দহীন লিটনকে ছাড়াই দল সাজাতে পারে বিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকার শঙ্কা আছে সৌম্য সরকারকে ঘিরেও। ওয়েস্ট ইন্ডিজে সম্প্রতি বেশ ভালো ছন্দে ছিলেন সৌম্য। তাকে ঘিরে ফের আশা জাগতে শুরু করে। কিন্তু, চলমান বিপিএলেও রংপুর রাইডার্সের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। চোট তাকে ছিটকে দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ফিরতে পারেন কি না, তা নিয়ে সংশয় কাটেনি।
এছাড়া শঙ্কা আছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে। তামিম বরাবরই নিজেকে ধোঁয়াশায় রাখেন। গত দেড় বছরে জাতীয় দলে ফেরা না ফেরার বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি। তামিমের সঙ্গে আজ আবারও বৈঠকে বসেছে বিসিবি। বৈঠক শেষে আসবে সিদ্ধান্ত।
অন্যদিকে, সাকিব আল হাসানের খেলা নিয়েও আছে দোলাচল। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার পর দুটি পরীক্ষা দিয়েছেন সাকিব। একটিতে ফল পক্ষে এলেও পরেরটির ফলাফল হাতে আসেনি। বিসিবিও তাই সাকিবের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে।