
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আয়োজিত আঞ্জুমানে খেদমতে কুরআনের তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে বক্তব্য রাখেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১১ জানুয়ারি) মাহফিলে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাইয়েরা মন খারাপ করেছেন। আমি কারও মনে কষ্ট দিতে একথা বলিনি। যা সত্যি তাই বলেছি।’
তিনি বলেন, ‘এ কথার পর অনেকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছে। তাদের উদ্দেশ্যে বলব – আমি কুরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’
আজহারী বলেন, ‘নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সকল রাজনৈতিক দলের নেতাদের শপথ নিতে হবে যে আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি করব না।’
তিনি বলেন- ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’