
সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে দেশে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি রাজধানীর কদমতলীতে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আয়োজিত কর্মশালায় যুক্ত হয়ে এমন আশঙ্কার কথা জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি নির্বাচন প্রক্রিয়ায় দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর করতে থাকি, তবে স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে। দেশের মানুষ যে স্বৈরাচারকে একত্রিত হয়ে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচার আবারও মানুষের কাঁধে চেপে বসার সুযোগ পাবে।
জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় বা জাতীয় যে নামেই হোক নির্বাচনের মাধ্যমেই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। আমরা প্রায়সময় বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে থাকি যে, ওই দেশটি কি সুন্দর, সেই দেশের সিস্টেম কত ভালো। ওসব দেশে জবাবদিহিতা আছে। জবাবদিহিতা আছে বলেই সেসব দেশের সিস্টেমগুলো কাজ করে। জবাবদিহিতা হচ্ছে নির্বাচন। অর্থাৎ, একটি নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে।
তারেক রহমান বলেন, সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তবে সবার আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে।