
গতকাল পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনেক রেকর্ড দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথমবারের মতো ৩৫০ এর বেশি রান তাড়া করে জিতেছে পাকিস্তান। রেকর্ড হয়েছে জুটির, মাইলফলক ছুঁয়েছেন ম্যাচের দুই সেঞ্চুরিয়ানও। তাই ম্যাচ শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে ভুলেননি পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান।
ম্যাচ শেষে এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক রিজওয়ান বললেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে।’
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৫ উইকেটে ৩৫২ রান। এই রান ৬ বল আর ৬ উইকেট হাতে রেখেই টপকেছে রিজওয়ানের দল, যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এর আগে সাড়ে ০৩শ রান তাড়া করে কখনো জিতেনি পাকিস্তান।
এই ম্যাচে ২৬০ রানের দারুন এক জুটি গড়েছেন ধিনায়ক রিজওয়ান ও সহ-অধিনায়ক সালমান আগা। ৯১ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটি গড়েন দুই ব্যাটার। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ।
আর চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান। ৩১তম ওয়ানডে খেলতে নামা সালমানের জন্য প্রথম সেঞ্চুরি এটি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে রিজওয়ানকে সাড়ে তিন শ রান তাড়া বিষয়ে জিজ্ঞাসা করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা তাদের ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম। তবে ক্লাসেন (৮৭ রান) সেটা ৩৫০ পার করে দিলেন। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলছিল, এ রকম রান আমরা আগেও তাড়া করেছি। কেউ কেউ বলল ৩৪০ রানও তাড়া করেছি আমরা।’
ম্যাচ জিতে খুশি হলেও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে বলে মনে করেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি, সেটা আমরা পারব। কারণ, চ্যাম্পিয়নস দলগুলো এভাবেই খেলে।’