
পবিত্র রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায়, তবে বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়। নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখবে এই সরকার। ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে প্রয়োজনীয় তদারকি।’
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা।
এ সময় তিনি আরও বলেন, ‘হাওর এলাকার জীববৈচিত্র্য রক্ষায় মসজিদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে ইমামদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।