
সিলেটের জৈন্তাপুরে পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে, সিন্ডিকেট করে পণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে জৈন্তাপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মনিটরিংয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জর্জ মিত্র চাকমা।
উপজেলার দরবস্ত বাজার এলাকায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান পরিদর্শন করেন। দোকানে কোন মেয়াদ উত্তীর্ণ পণ্য, ক্রয় মূল্যের রিসিট, বিক্রয় মূল্যের তালিকা প্রদর্শন বিবিধ বিষয়ে মনিটরিং করেন।
৪নং দরবস্ত ইউনিয়ন দরবস্ত বাজারে বিভিন্ন কাঁচাপণ্য ও শাক সবজীর দোকানে তিনি মনিটরিং করেন। মনিটরিং চলাকালীন দুইটি মুদি ও দুইটি কাঁচাপণ্যের দোকানে অনিয়ম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ টিম উপস্থিত ছিলো।
উল্লেখ্য জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থানীয় পর্যায়ে রাখতে ইতিমধ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়ে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। চারটি প্রতিষ্ঠানে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে আজ প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রেতা সাধারণকে জিম্মি করে কোন পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।