
গোয়াইনঘাট সীমান্তে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি আটক করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) ভোর ৫টায় মেজর তাহামিদুল ইমাম (২৭ বীর) এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২৯৬টি ভারতীয় শাড়ি এবং ১২,৭৪৪ পিস প্রসাধনী সামগ্রী ‘পন্ডস ফেস ওয়াশ’ জব্দ করা হয়। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গেছে।
সীমান্তবর্তী এলাকাগুলোতে চোরাচালান রোধে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে সিলেটের গোয়ানঘাট উপজেলার হাতির পাড়া সীমান্তে সেনাবাহিনী একটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করে।
অবৈধভাবে ভারতীয় পণ্য বহনকালে একটি ডিআই পিকআপসহ দুইজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
জৈন্তাপুর উপজেলার হরিপুর, দলই পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে দুলাল আহমদ (২৩), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর, বড়নগর গ্রামের তরিকুল্লাহ’র ছেলে বুরহান উদ্দিন (১৩)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃত ভারতীয় পণ্য ২৯৬ পিস শাড়ী, ১২,৭৪৪ পিস ফেইস ওয়াশ আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ ৯৫ হাজার ৫৯১ টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র কাছে মালামাল ও আসামি হস্তান্তর করা হয়েছে বলে দৈনিক কাজির বাজার পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধিকে জানান।
সেনাবাহিনী আটককৃত পণ্য ও দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করেছে। হস্তান্তর কার্যক্রমটি হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে সম্পন্ন হয়, যেখানে বিজিবির প্রতিনিধি নায়েব সুবেদার মাজহারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।
সীমান্তে চোরাচালান রোধে সেনাবাহিনীর কঠোর অবস্থান। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর নজরদারি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে চোরাচালান দমনে তাদের বেশ কয়েকটি সফল অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালানের মতো অবৈধ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।