
নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমতার বার্তা ছড়িয়ে দিতে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “আন্তর্জাতিক নারী দিবস ২০২৫” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অর্থবহ।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, শিক্ষার্থী, স্থানীয় নারী উদ্যোক্তারা এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন- “নারী উন্নয়ন ও ক্ষমতায়ন একটি দেশের সার্বিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি। সরকার নারীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সহায়তাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সমাজে নারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা আক্তার লাবনী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈফুল ইসলাম। বক্তারা নারীর উন্নয়নে শিক্ষা, কর্মসংস্থান ও সরকারি সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারজানা আক্তার লাবনী বলেন- “নারীরা আজ আর পিছিয়ে নেই। তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছে। তবে এখনো কিছু সামাজিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দূর করতে হবে। নারীর প্রতি সকল বৈষম্য দূর করলেই সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন বলেন- “শিক্ষা নারীর ক্ষমতায়নের মূল ভিত্তি। যদি আমরা প্রতিটি কন্যাশিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারি, তাহলে তারা নিজেরাই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে।”
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাঈফুল ইসলাম বলেন- “নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হলে উদ্যোক্তা তৈরি করতে হবে। ক্ষুদ্রঋণসহ নানা সরকারি সহায়তা নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে।”
আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ করা হয়। এই ঋণ সহায়তা পেয়ে উদ্যোক্তারা আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের ব্যবসায় আরও উন্নতি করার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় এক উদ্যোক্তা সুমাইয়া আক্তার বলেন- “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এই ঋণের মাধ্যমে আমার ব্যবসা আরও বড় করতে পারবো। সরকার আমাদের মতো নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ।”
এছাড়াও, নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মেয়েদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের উন্নয়নের জন্য ভবিষ্যতে এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে, যার অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলায় এই আয়োজন করা হয়।নারীর ক্ষমতায়ন, সমতার নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শেষ হয় এ আয়োজন।