
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশের অভ্যন্তরে আনা ২৮ হাজার ৮পিস ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ক্যাডেট কলেজের সামনে থেকে পিকআপ ভর্তি চকলেটের চালানটি জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে জব্দকৃত বিভিন্ন ২৮ হাজার ৮পিস চকলেটের বাজার মূল্য আনুমানিক ৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা। এসময় চকলেট বহনকারী একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মধুটিলা এলাকার আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ফানাইল গ্রামের তাহির আলীর ছেলে বর্তমানে বালুচর জামতলা এলাকার বাসিন্দা মো. মোজাহিদ (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৪(০৩)’২৫) দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।