
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টায় ইউনিয়নের জৈন্তিয়া প্রবেশ গেইটস্থ ঘাটেরচটি ও ঠাকুরের মাটি যুবসমাজের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন প্রবাসী মাহতাব আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৪০টি অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবী জামাল আহমেদ ও জাহিদুল ইসলাম।
সহায়তা বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
উল্লেখ্য, “আর্তমানবতার কল্যাণে” স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন। সমাজের দরিদ্র ও অসহায় জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।