
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে সেনাবাহিনী প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। অভিযানে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও পোশাকসহ একটি মিনি ট্রাক এবং দুইজন ব্যক্তিকে আটক করা হয়।
গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ২৭ বীর ব্যাটালিয়নের দুইটি দল এই অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানটি রাত ৮টা ২৫ মিনিটে ফতেপুর বাজার সংলগ্ন লামা ফতেপুর গ্রামে পরিচালনা করেন ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি গোডাউন থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্যসহ দুইজন ব্যক্তি ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পরবর্তীতে রাত ১০টা ১০ মিনিটে ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে। সেখানেও একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. হানিফ আহমদ এবং নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্ক্রিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, ক্লপ জি ক্রিম, জিলেট ব্লেড ও ভারতীয় লেহেঙ্গা। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩৯ লক্ষ ৮৭ হাজার ৪৪০ টাকা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত পণ্য ও ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য ৪৮ বিজিবির কমান্ডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও গোয়াইনঘাট থানার পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।