
দীর্ঘদিন ধরে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার নিশ্চিতকরণ ও বিতর্কিত ইজারা বাতিলের দাবিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ২টায় ইউনিয়নের লালাখাল চতুল সড়কের পাশে চারিকাটা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় পাঁচ মৌজার লোকজন এই মানববন্ধনের আয়োজন করেন। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম।
উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বর্তমান ইউপি চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান শাহ্আলম চৌধুরী তোফায়েল এবং সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল।
বক্তারা অভিযোগ করেন, দি মেঘালয় টি এস্টেটের ইজারাভুক্ত প্রতিষ্ঠান মেসার্স খোদেজা বহুমুখী ফার্ম ২০১১ সালের সরকারি লিজচুক্তির ২৬ নম্বর ধারা লঙ্ঘন করেছে এবং স্থানীয়দের সঙ্গে পূর্ববর্তী সমঝোতাও মানেনি।
তারা আরও বলেন, কয়েক প্রজন্ম ধরে বসবাসরত পরিবারগুলো আজও স্থায়ী বন্দোবস্তের নিশ্চয়তা পায়নি। অথচ এসব মানুষই জমিকে আবাদযোগ্য ও বসবাসোপযোগী করে তুলেছে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি নতুন করে লিজ দিয়ে এই জমি বড় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়, তাহলে এলাকার পরবর্তী প্রজন্ম চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে। এরা যেন নিজের দেশেই পরবাসী হয়ে না পড়ে।”
তারা সরকারের প্রতি আহ্বান জানান, বহু বছর ধরে বসবাসরত মানুষদের জন্য যেন স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করা হয় এবং তার বিনিময়ে কর ও খাজনা দিতে তাঁরা প্রস্তুত।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীন, মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মইনুল ইসলাম, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, নেছার আলীসহ বহু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
এই মানববন্ধন স্থানীয়দের জমির অধিকার রক্ষার সংগ্রামে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।