
সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল শাহী ঈদগাঁ মাঠে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল এবং দীর্ঘদিন ধরে বসবাসরত মানুষের নামে জমির স্থায়ী বন্দোবস্তের দাবিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল ৯টায় ৫টি মৌজার শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জানা যায়, জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস থেকে মেঘালয় টি এস্টেটের ইজারাকৃত জমির সীমানা নির্ধারণের খবর পেয়ে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় জনগণ। সকাল ১১টায় ঈদগাঁ মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চারিকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় বর্ষীয়ান ব্যক্তিত্ব শামসুল হক এবং সঞ্চালনায় ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির নাজমুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল। বক্তব্য রাখেন ৫টি মৌজার সাধারণ মানুষ, আলেম সমাজ, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শত বছর ধরে এ অঞ্চলে বসবাস করলেও জমির মালিকানা তাদের হাতে নেই। তারা মেঘালয় টি এস্টেটের নামে জমি ইজারা নবায়নের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে সিলেট-তামাবিল মহাসড়কে মানববন্ধন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাওয়ের মত কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম এবং ইউপির অন্যান্য সদস্যরা। বক্তৃতাকালে চেয়ারম্যান বাহার জানান, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা আক্তার লাবনী বৃহস্পতিবারের সীমানা নির্ধারণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং সরাসরি আলোচনা করতে চান বলেও জানান।
পাঁচটি মৌজার পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে ইউএনও ও এসি ল্যান্ডের উপস্থিতিতে দাবি-দাওয়া নিয়ে আলোচনা সভা আয়োজনের আহ্বান জানানো হয়। শেষ পর্যন্ত বিকেল ৪টায় কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আন্দোলনকারীরা জানান, দাবির পক্ষে তারা পরবর্তী কর্মসূচি পালন করবেন।