
জাফলংসহ সিলেট অঞ্চলের পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এই পরিকল্পনার আওতায় পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৪ জুন) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “পরিবেশগতভাবে সংবেদনশীল এই এলাকায় পাথর উত্তোলনের আর কোনো ইজারা দেওয়া হবে না। সরকার পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম কৌশল নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবে। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অতিরিক্ত পাথর ও বালু উত্তোলন বন্ধ করা হবে।”
তিনি আরও জানান, পরিবেশ, পর্যটন, বিদ্যুৎ ও খনিজ সম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যৌথভাবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। এতে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে, অন্যদিকে পর্যটনের মাধ্যমে বিকল্প অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ থাকায় এখানে থাকা স্টোন ক্রাশারগুলো অপসারণ করা হবে। পাশাপাশি কোনোভাবেই অবৈধ পাথর উত্তোলন চলতে দেওয়া হবে না।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফেরদৌস আনোয়ারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উপদেষ্টা দলটি জাফলংয়ের সৌন্দর্য্যমণ্ডিত এলাকাগুলো জলযানে ঘুরে দেখেন এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।