
সিলেটের জৈন্তাপুর উপজেলার ক্যাপ্টেন রশীদ উচ্চ বিদ্যালয়ে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উদ্যোগে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী রাংপানি এলাকায় র্যালি, মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি’র শ্রীপুর বিওপি’র আওতাধীন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
সভায় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, ৪৮ বিজিবি; গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ইউএনও, জৈন্তাপুর থানার ওসি (তদন্ত), গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। সীমান্তে বিজিবি নিরলসভাবে কাজ করছে।” সভায় মাদকের কুফল বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
পরে বিকেল ১টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সীমান্ত এলাকার দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষুধ বিতরণের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ, ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাঃ মোঃ আবু সালমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জৈন্তাপুর।
এ সময় প্রায় ৮৫০ জন গরীব ও দুস্থ্য রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিজিবির এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।