
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার সারীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
অভিযানকালে অপরিচ্ছন্ন রান্নাঘর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে সুরুচি রেস্টুরেন্টকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী জানান, রেস্টুরেন্টটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।