
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী একটি নৌকা আটকাতে গেলে ধাক্কা লেগে উভয় নৌকাই পানিতে ডুবে যায়। এসময় নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি চালালেও সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছি। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় আমাদের নৌকা ডুবে গিয়ে এক সিপাহী নিখোঁজ রয়েছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি, উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। আমরাও ঘটনাস্থলে যাচ্ছি।