
সীমান্তে চোরাকারবারি দমনে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী মো. মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ আগস্ট) বিকেল প্রায় ৫টা ১০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় সুপারি বহনকারী একটি চোরাকারবারি নৌকাকে থামানোর চেষ্টা করে বিজিবি টহলদল।
এ সময় চোরাকারবারিদের নৌকাটি বিজিবি সদস্যদের নৌকায় ধাক্কা দিলে দুইজন সদস্য নদীতে পড়ে যান। তাদের মধ্যে একজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পরপরই বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, পুলিশ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী একযোগে উদ্ধার অভিযান চালায়। টানা প্রায় ২৩ ঘণ্টার তল্লাশির পর রোববার বিকেলে তার মরদেহ উদ্ধার সম্ভব হয়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সিপাহী মাসুম বিল্লাহ কর্তব্যরত অবস্থায় সাহস, সততা ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বর্ডার গার্ড বাংলাদেশের গৌরবে চিরদিন অমলিন থাকবে। তিনি ছিলেন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও অদম্য চেতনার সৈনিক। তার আত্মত্যাগ আমাদের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করবে সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালনে।
বিজিবি নিহত সিপাহীর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। সংস্থাটি জানিয়েছে, মাসুম বিল্লাহকে সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে একজন সত্যিকারের সীমান্ত প্রহরী হিসেবে, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।