
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ গেইটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী ছিলেন একজন প্রখ্যাত আলেম ও শান্তিপ্রিয় ব্যক্তিত্ব। তার হত্যাকাণ্ডে সুনামগঞ্জবাসী শোকাহত ও ক্ষুব্ধ। এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে বক্তারা বলেন, খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে জমিয়তসহ উপজেলার বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা আরও বলেন, ধর্মপ্রাণ মানুষকে হত্যা করে কোনো অপশক্তি দমন করা যাবে না। প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।
এসময় মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা যোবায়ের আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি কাজী রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ মফিজুর রহমান আলাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ।