
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মইয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় সিগারেট ১৪,৪০০ পিস এবং পাতার বিড়ি ১,৯১,০০০ পিস জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া ৭ সেপ্টেম্বর (রবিবার) জৈন্তাপুর, গুয়াবাড়ী ও সুরাইঘাট বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা পাতা ৩৫০ কেজি, চিনি ২০০ কেজি, সুপারি ১০০ কেজি এবং একটি গরু আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
দুই অভিযানে মোট ৯ লাখ ৪০ হাজার টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।