
মো. আব্দাল মিয়া, হবিগঞ্জ:- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘির পূর্বপাড় এলাকার কৃতি সন্তান মো. জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচ.ডি.) ডিগ্রি অর্জন করেছেন।
গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত পত্রে তাঁর এ ডিগ্রি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের অধীনে “Effect of Magnetic Particles on Biomagnetic Fluid Flow through Stretched Cylindrical Surface” শীর্ষক গবেষণার জন্য এ ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ড. মুহাম্মদ ফেরদৌসের তত্ত্বাবধানে তাঁর এ গবেষণা সম্পন্ন হয়। বর্তমানে ড. জাহাঙ্গীর আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. জাহাঙ্গীর আলম সাগরদিঘির পূর্বপাড় এলাকার মো. অনু মিয়া ও রত্নগর্ভা মা মোছা. আলেয়া বেগমের চতুর্থ সন্তান। মেধাবী এই পরিবারে চার ভাই ও এক বোন সবাই উচ্চশিক্ষিত ও কর্মজীবনে প্রতিষ্ঠিত। বড় ভাই মো. শামসুল আলম কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে আইসিডিডিআরবি-তে কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
দ্বিতীয় ভাই মো. জাহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে শচীন্দ্র কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। একমাত্র বোন সুরভী আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। ছোট ভাই মো. শফিউল আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত আছেন।
ড. জাহাঙ্গীর আলম কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তাঁর এই সাফল্যে পরিবারসহ সমগ্র বানিয়াচংবাসী গর্বিত।