
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর বিশেষ অভিযানে ৯৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পারুয়া নোয়াগাঁও ইসলামি দাখিল মাদ্রাসার সামনে সন্দেহভাজন একজনকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশী করে ডান হাতে থাকা পলিথিন থেকে ৪৯টি বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটে মোড়ানো মোট ৯,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সমুজ আলী (২৮), পিতা- মৃত মোঃ চাঁন মিয়া, সাং-নিজগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে এবং জব্দকৃত ইয়াবা সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
প্রথম/সিলেট/মুরাদ হাসান