
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- সুনামগঞ্জ জেলা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)- এর যুগ্ম সমন্বয়ক এম. আতাউর রহমান স্বপন এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরে অবস্থিত পানসী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এম.আতাউর রহমান স্বপন। এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপি সদস্য আব্দুর রহমান, দোয়ারাবাজার উপজেলা এনসিপি আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতা স্বপন বলেন, আওয়ামী দোসর দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক একাধিকবার স্থানীয় নৌকাঘাট বিষয়ে আমার সাথে কথা বললে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলি। ফলে তিনি ক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়কের নিকট আমার নামে মিথ্যা অভিযোগ দাখিল করেন। অথচ, ফ্যাসিবাদী এই তারেক প্রশাসনের অনুমতি ছাড়া স্থানীয় নৌকাঘাট দখলে রেখেছিল।
লিখিত বক্তব্যে এম. আতাউর রহমান স্বপন বলেন, স্থানীয় চকবাজারে আমার ক্রয়কৃত ও রেকর্ডমূলে চার শতাংশ জমি রয়েছে। যেখানে মানবিক কারণে দুইটি পক্ষকে আমি একসময় আশ্রয় দিয়েছিলাম। এই দুই পক্ষ সেসময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে আমি পাকাঘর নির্মাণের জন্য তাদের আমার জায়গা ছেড়ে দিতে বলি।
তন্মধ্যে একপক্ষ চলে যেতে রাজি হলেও অপরপক্ষ নাসির মিয়া জাযগা ছাড়বে না বলে জানিয়ে দেন এবং আওয়ামী দোসর ফরিদ আহমেদ তারেকের সাথে যোগসাজশে তার ভাই কালাম ও ভাতিজা জুয়েলসহ তাদের স্বজনরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে চকবাজারে মানববন্ধন করে আমার সম্মানহানি ঘটাতে অস্থির হয়ে ওঠে সংঘবদ্ধ এই চক্র।