
‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের অভিজাত এক রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
হেজবুত তওহীদের জেলা সভাপতি জাকির হোসেন এর পরিচালনায় সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান।
মূল প্রবন্ধে সাইফুর রহমান তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এই ব্যবস্থায় রাষ্ট্রনীতি, বিচারব্যবব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলো কীভাবে পরিচালিত হবে।
সাইফুর রহমান বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সংঘাত ও বিভেদকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে।”
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে বহুবার সংবিধান সংশোধন ও শত শত আইন প্রণয়ন করা হলেও জাতির মৌলিক সংকটগুলোর সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর মূল কারণ হলো আমাদের বর্তমান ব্যবস্থাটিই ত্রুটিপূর্ণ। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহর দেওয়া জীবনবিধান অনুসরণ করা।”
প্রবন্ধ উপস্থাপনের পর একটি মুক্ত আলোচনায় মতামত তুলে ধরেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।