
হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার সকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এরআগে জেলা শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিল করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীবৃন্দ।
বক্তব্য দেন জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক টিটু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক পপলু মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য আমির উদ্দিন, সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তাগন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ৮ বছর পর চলতি বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট ঘোষণা হয় তখন থেকে ঘোষিত মজুরি কার্যকর করার কথা। অথচ ৫ মাস অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি। অধ্যাবধি আদেশ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তাগন।