
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বানিয়াচংয়ের কৃতি সন্তান মো. জাকির হোসেন আজমিরীগঞ্জ পৌরসভায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তিনি আজমিরীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, প্রধান বাজার, শিবপাশা বাজার ও বানিয়াচং উপজেলা সদরের আদর্শ বাজার, রাস্তা-ঘাটসহ জনবহুল এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি জনগণের হাতে তুলে দেন ৩১ দফা দাবি ও উন্নয়ন প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, যুব উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
গণসংযোগকালে মো. জাকির হোসেন এক আবেগঘন বক্তব্যে বলেন—
“বানিয়াচং-আজমিরীগঞ্জ শুধু আমার নির্বাচনী এলাকা নয়—এটাই আমার গর্ব, আমার ভালোবাসা, আমার আত্মার টান। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। এই এলাকার মানুষ আমার শক্তি ও সাহসের উৎস। তাদের প্রত্যাশা পূরণ করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। জনগণের কণ্ঠরোধ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে। আমি সেই আন্দোলনের একজন সৈনিক—জনগণের পাশে থেকে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যেতে চাই। সুখে-দুঃখে, সংকটে আমি এই এলাকার মানুষের পাশে থাকব—এটাই আমার অঙ্গীকার।”
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নিয়ে এলাকাজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
স্থানীয় বাজার, রাস্তা ও পাড়া-মহল্লায় সর্বত্রই দেখা যায় মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকেই প্রার্থীকে ঘিরে শুভেচ্ছা বিনিময় করেন এবং একজন তরুণ, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।