
হবিগঞ্জে মাজার জিয়ারত শেষে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোর ৬টার দিকে জেলার মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় “দিগন্ত পরিবহন” নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাদল মিয়া (৪০)। তিনি মাজার জিয়ারত শেষে স্বজনদের সঙ্গে বাসে করে ফিরছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি অতিরিক্ত গতিতে চলার একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই বাদল মিয়ার মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বাসটি উদ্ধার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে।