
সুনামগঞ্জে ‘কাষ্ঠ শুষ্কিকরণ এবং কাঠের ভৌত গুণাগুণ ও শক্তি নিরুপণ’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন বিষয়ক একমাত্র গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্টগ্রাম এর উদ্যোগে সুনামগঞ্জ রেঞ্জ অফিসে অর্ধ-দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার সকালে (৫ নভেম্বর) সিলেট বন বিভাগ অধীন সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে প্রশিক্ষণ চলে। প্রশিক্ষক ছিলেন কাষ্ঠ শুষ্কিকরণ ও শক্তি নিরুপণ’ বিভাগের গবেষণা সহকারী (গ্রেড-১) তাপস কুমার দে। সমন্বয়ক ছিলেন বিএফআরআই এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান, একই শাখার আর্টিস্ট মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণে স’মিল মালিক, ফার্নিচার ব্যবসায়ী, কাঠ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অংশগ্রহণকারীগণ রাসায়নিক সংরক্ষণী প্রয়োগের মাধ্যমে কাঠ, বাঁশ ও ছন ইত্যাদির আয়ুষ্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের জোর দাবী জানান।
সাংবাদিকগণের পক্ষ থেকে এখানে বিএফআরআই এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা আয়োজনের দাবী জানানো হয়।