
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে দিনভর বিভিন্ন সমস্যা নিষ্পত্তি ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১২ টি দোকান সরকারি কবরস্থানের জায়গার উপর নির্মান করায় তা ভেঙে দেওয়া হয়।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযানসহ বিভিন্ন কার্যক্রম।
সরাসরি উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সরকার মামুনুর রশীদ।
শনিবার সকালে শুরুতে সাহেবের বাজারের সরকারি জায়গা সার্ভে করে সীমানা চিহ্নিত করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণকে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং জানান, এই বাজারের উন্নয়নের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সবজি বাজারের পাকা শেড ও মাছ বাজারের পাকা শেড অল্প কিছুদিনের মধ্যে তৈরি করা হবে।
এই অর্থ আমার উপজেলার হাট-বাজার ফান্ড ও অন্যান্য বরাদ্দ থেকে ব্যয়ভার বহন করে এই উন্নয়ন কাজ সম্পূর্ণ করা হবে। পাশাপাশি সাহেবের বাজারের সড়ক তৈরি ও বাজারের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এসময় ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের জন্য ১৫ ফুট রাস্তা বাজারের সরকারি জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়।
পরে বেলা ২টার দিকে সাহেবের বাজার সংলগ্ন সরকারি কবরস্থানের ভূমির সীমানা নির্ধারণ করার লক্ষ্যে সার্ভে জরীপ করে সীমানা নির্নয় করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং ১২টি দোকান কবরস্থানের জায়গার উপর দোকানগুলো থাকায়, সেই সকল দোকান বিকাল ৪টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। পরে দোকানের মালিকগন নিজ উদ্যোগে দোকানগুলো ভেঙে দেন এবং দোকানের মালামাল সরিয়ে নেন।
এ দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ সকাল থেকে মোতায়ন করা হয়।
তবে ব্যবসায়ীদের দাবী তারা ৩০ বছর থেকে এখানে ব্যবসা করে আসছেন, এই জায়গাটি বুড়জান চা বাগানের লিজকৃত ভূমি, চা বাগানের কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য বসিয়ে ছিল। তাদেরকে আগে থেকে জানানো হয়নি। কোনো সময় দেওয়া হয়নি, কোনো ধরনের নোটিশ ছাড়া উচ্ছেদ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাজমুল হক, বহর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সুজন সাহা, খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মইন উদ্দিন, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।